ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনাই এই সফরের মূল উদ্দেশ্য। এখনও চূড়ান্ত তারিখ হয়নি, তবে ২৯-৩০ জুলাই সফর হতে পারে।

কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন। ২৩ জুলাই ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরাম শেষে মালদ্বীপ হয়ে ২৯ জুলাই দেশে ফেরার কথা তার। তার ফেরার পরই গরের সফর চূড়ান্ত হবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গর ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।