যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকায় আমন্ত্রণ তারেক রহমানের

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) এক অভিনন্দন বার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

চিঠিতে তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন। আপনার এই নির্বাচন আপনার দল এবং জনগণের আস্থার প্রতিফলন। আপনার নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী ঐতিহাসিক ও বহুমুখী অংশীদারিত্ব রয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও কমনওয়েলথ নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, শিক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

চিঠির শেষে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অ্যান্ডি বার্নহ্যামকে আমন্ত্রণ জানিয়ে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। আজ ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম।