বন্যা-ভূমিধসে সরকারের সহায়তা অব্যাহত, পরিস্থিতির উন্নতি

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বে বন্যা, ভূমিধসে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) তথ্য বিবরণীতে বলা হয়, চট্টগ্রামের ১৫ উপজেলা প্লাবিত। এইচএসসি স্থগিতের বার্তা, স্বাস্থ্যবিধি, সাপে কাটা প্রতিরোধ, ত্রাণে লেনদেন না করাসহ সচেতনতামূলক মাইকিং চলছে।

খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানে বৃষ্টি কমেছে, পানি নামছে, নতুন পাহাড়ধস নেই। বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরীর পানি বিপৎসীমার নিচে। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরছে।

সিলেটে সুরমা বিপৎসীমার নিচে, তবে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ওপরে। সুনামগঞ্জে পরিস্থিতি স্থিতিশীল, হবিগঞ্জের প্লাবিত ৩ উপজেলায় পানি নেমেছে। মৌলভীবাজারে ১৫ ইউনিয়ন প্লাবিত হলেও উন্নতি হচ্ছে। বড় বা দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই।