আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

বড় দায়িত্বে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা। আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও ইউএনএএমএ প্রধান হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৫ জুলাই) জাতিসংঘ মুখপাত্রের কার্যালয় এ তথ্য জানায়। তিনি কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং এলডিসি, এলএলডিসি ও এসআইডিএস বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। সরকারি ও কূটনীতিতে তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

এর আগে ২০১৯-২০২২ সালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি। ওই সময়ে ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং ২০২২ সালে প্রথম নারী হিসেবে জাতিসংঘ পিসবিল্ডিং কমিশনের চেয়ারম্যান হন।