ডিএমপির ছয় উপ-পুলিশ কমিশনারকে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্বে রদবদল আনা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের ডিসি মো. আমির খসরুকে ট্রাফিক মতিঝিল বিভাগে পাঠানো হয়েছে। ট্রাফিক মতিঝিলের ডিসি দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী গেছেন ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে।

ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের ডিসি মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক উত্তরা বিভাগের ডিসি মো. আনোয়ার সাঈদ পেয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের দায়িত্ব।

এ ছাড়া গোয়েন্দা গুলশান বিভাগের ডিসি মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে এবং ডিএমপির ডিসি মো. রবিউল হাসানকে লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে।