জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলের দায়ে ব্যবস্থা

সদ্য বিদায়ী জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ‘ভুতুড়ে বিল’-এর পেছনে কিছু করণিক ভুল শনাক্ত করা হয়েছে এবং সেগুলো ইতোমধ্যে প্রতিকার করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগের সচিব মিরানা মাহরুখ।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ সচিব বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে জুন মাসে বিল বৃদ্ধি শুধু ট্যারিফ বৃদ্ধির কারণে নয়, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধিও অন্যতম একটি কারণ। দাম বৃদ্ধি, ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবের কারণে অনেকের বিল বেড়েছে। তবে, কিছু ক্ষেত্রে আমরা করণিক ভুল শনাক্ত করেছি এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘খাগড়াছড়িতে এক গ্রাহকের ইউনিট ৭০ হওয়ার কথা ছিল, কিন্তু করণিক ভুলের কারণে সেটি ৭০০ ইউনিট হয়ে যায়। ফলে অস্বাভাবিক বিল আসে। এ ভুলের জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রাহকের বিল সংশোধন করে দেওয়া হয়েছে।’

মিরানা মাহরুখ জানান, ‘ভুতুড়ে বিলের’ অভিযোগ অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে যাতে গ্রাহকদের ওপর ব্যয়ের সম্পূর্ণ চাপ না পড়ে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারিং সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে কাজ চলছে। যেসব গ্রাহকের বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ আছে, তাদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে মিটার পরীক্ষা, বিল পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।