ভারতের ৫২ হাজার কোটি রুপির অস্ত্র কেনার ছাড়পত্র, জোর দেশীয় প্রযুক্তিতে

দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রায় ৫২ হাজার কোটি রুপির অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি)।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থলবাহিনী পাবে ‘আকাশ তরঙ্গ’ অ্যান্টি-ড্রোন সিস্টেম, ম্যান-পোর্টেবল অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল, এমআরএসএএম, ভি-শোরাডস, ট্যাংকের অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম ও কামিকাজে ড্রোন। ‘আকাশ তরঙ্গ’ শত্রু ড্রোন ঠেকাবে, ভি-শোরাডস লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করবে।

নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌযানভিত্তিক মানববিহীন আকাশযান ও ইলেকট্রিক প্রপালশন সিস্টেমের পরীক্ষাকেন্দ্র অনুমোদন হয়েছে। এমআইজিএম সমুদ্রে শত্রু নৌযান চলাচলে বাধা দেবে।

বিমানবাহিনীর জন্য ফিক্সড-উইং হাই অলটিটিউড সিউডো স্যাটেলাইট প্ল্যাটফর্মসহ আরও কিছু সরঞ্জাম আসছে। এটি দীর্ঘ সময় আকাশে থেকে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহে ব্যবহার হবে।

মন্ত্রণালয় বলেছে, নতুন সরঞ্জাম স্থল, সমুদ্র ও আকাশ- তিন ক্ষেত্রেই ভারতের সামরিক প্রস্তুতি আরও জোরদার করবে।

সূত্র: দ্য হিন্দু