শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি দিতে পারছে নাটোরের ৮ শিক্ষার্থী

ফরম পূরণের টাকা জমা দিয়েও পরীক্ষায় বসতে পারেননি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন এইচএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুলাই) বিষয়টি গণমাধ্যমে এলে নজরে নেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী তাৎক্ষণিক রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীকে ফোন করে ৮ শিক্ষার্থীর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ দেন। শুক্রবার (৩ জুলাই) বোর্ড দ্রুত তাদের ফরম পূরণ সম্পন্ন করে। রোববার (৪ জুলাই) থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় বসতে পারবে।

অভিযোগে জানা যায়, কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেও তা জমা দেননি। ফলে প্রবেশপত্র না পাওয়ায় তারা পরীক্ষায় বসতে পারেনি। মন্ত্রীর নির্দেশে পুলিশ অমিত কুমারকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ঘটনা তদন্তে আব্দুলপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।

এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে রেজিস্ট্রেশন ভুল ও মহাস্থানগড়ের ৬ শিক্ষার্থী ফরম জটিলতায় পরীক্ষা দিতে পারেননি। মন্ত্রীর হস্তক্ষেপে তাদেরও ফরম পূরণ শেষ হয়েছে। রোববার থেকে তারাও পরীক্ষায় অংশ নিতে পারবে।