একদিনেই ভরিতে ৪৩৭৪ টাকা বাড়ল সোনার দাম

১৬২

মাত্র একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার এক লাফে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে নতুন দর নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বাজুস। সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এই সমন্বয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। মজুরি ও ভ্যাটসহ বিক্রয়মূল্য নির্ধারিত হওয়ায় আলাদা ভ্যাট নেওয়া যাবে না।

এর আগে ২ জুলাই ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়েছিল। সেই দর শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কার্যকর ছিল।

চলতি বছর এখন পর্যন্ত ৮৬ দফা সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ বার বেড়েছে, ৪২ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।