মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ‘মাওয়া এভারগ্রিন পরিবহন’ নামের বাসটি গুলিস্তান থেকে মাওয়া যাচ্ছিল। সিরাজদিখান এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন দেখেই যাত্রীরা তাড়াতাড়ি নেমে যান।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি। তবে বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, “খবর পেয়েই আমাদের দুটি ইউনিট গিয়ে অল্প সময়ে আগুন নিভিয়েছে। কোনো হতাহত নেই।”