শেষ মুহূর্তের গোলে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নকআউট পর্বে জায়গা করে নিল তারা।

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে আসে কাঙ্ক্ষিত গোল। ৯০+১ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন স্টিভেন ইউস্টাকিও। লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে কানাডিয়ানরা।

ম্যাচের শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কানাডা। প্রতিপক্ষের রক্ষণে ধারাবাহিক চাপ তৈরি করলেও গোল পাচ্ছিল না তারা। ৪৪তম মিনিটে ময়জে বোমবিতোর হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দলকে বাঁচান দক্ষিণ আফ্রিকার অব্রে মদিবা। ফলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস। এরপরও সুযোগ পেয়েছিল কানাডা, তবে বল ঠেকিয়ে দেন এমবোকাজি। এক সময় মনে হচ্ছিল ম্যাচ গোলশূন্যই শেষ হবে। কিন্তু যোগ করা সময়ে ইউস্টাকিওর গোলে উল্লাসে মাতে কানাডা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কানাডা।