ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ।

শনিবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করা হয়েছে।

উদ্ধারকাজে বিঘ্ন ঘটায় শুক্রবার রাত থেকে লা গুয়াইরায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। বিশেষ অনুমতি ছাড়া এলাকায় প্রবেশ নিষিদ্ধ। তবে কারা অনুমতি পাবেন, তা জানানো হয়নি।

সরকারি উদ্ধার তৎপরতা অপর্যাপ্ত দাবি করে স্থানীয়রা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজছেন। সহায়তাকারী সংস্থাগুলো জানিয়েছে, জীবিত উদ্ধারের গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা শেষ হয়ে আসছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, এখন প্রতিটি প্রাণ বাঁচানোই এক একটি অলৌকিক ঘটনা। আমরা এই ট্র্যাজেডির ভয়াবহতার কিছুই আড়াল করব না।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, সরকার ‘সংকটপূর্ণ সময়ে’ উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগ করেছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন তিনি।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ভূমিকম্পে সরাসরি ক্ষয়ক্ষতি ৪.৭ থেকে ৮.৭ বিলিয়ন ডলার হতে পারে। শনিবার আরাগুয়া রাজ্যে ৪.৮ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলেও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

শুক্রবার দুপুর পর্যন্ত ৩ হাজার ৩০০ জন আহত ও ২৪৩ জনকে জীবিত উদ্ধারের তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, কারাকাসসহ প্রায় ৬৭.৬ লাখ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আইওএম মহাপরিচালক অ্যামি পোপ বলেন, মানুষ নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছাড়ছে, ফলে বাস্তুচ্যুতের সংখ্যা বাড়বে। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সহায়তা পৌঁছানো জরুরি।

বেসরকারি তথ্য অনুযায়ী, নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকেই মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তথ্য মিলছে না।

সূত্র: আল জাজিরা