বেলিংহাম-কেইনের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নকআউটে ক্রোয়েশিয়া ও ঘানাও

‘এল’ গ্রুপে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-০ গোলের জয়ে হাসি মুখে মাঠ ছাড়ল ফেবারিট ইংল্যান্ড।

পানামার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় ইংল্যান্ড। মাঠের দখল ও আক্রমণে থ্রি লায়ন্সরা পুরো দাপট দেখালেও প্রথমার্ধে গোল পাননি হ্যারি কেইনরা। অন্য ম্যাচে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া এগিয়ে যাওয়ায় কেইনদের শীর্ষস্থান নিয়ে শঙ্কা জাগে।

তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় থ্রি লায়ন্সরা।

ডালাসের মাঠে ৬২ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন জুড বেলিংহাম। পাঁচ মিনিট পর বেলিংহামের নিখুঁত ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। এই গোলে ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেন কেইন।

এরপর আর গোল না হওয়ায় ২-০ জয়ে মাঠ ছাড়ে থমাস টুখেলের দল। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করে ইংল্যান্ড।

গ্রুপের অপর ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে নকআউটে গেলেন মদরিচরা। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া ঘানাও শেষ ৩২-এ গেছে। গ্রুপের তৃতীয় স্থানের দলগুলোর মধ্যে উপরের দিকে থাকায় নতুন নিয়মে নকআউটে জায়গা পেয়েছে তারা।