‘কাট’ বলার পরও থামেননি কঙ্গনা: বীর দাসকে চুমু নিয়ে পুরোনো বিতর্ক ফের সামনে

‘রিভলবার রানি’ ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আবারও বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রনৌত। ‘কাট’ বলার পরও তিনি নাকি সহ-অভিনেতা বীর দাসকে চুমু খেতে থাকেন—সম্প্রতি এমন দাবি করেছেন সাংবাদিক সিমি চান্দোক।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে সিমি চান্দোক দাবি করেন, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিভলবার রানি’র একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পরিচালক ‘কাট’ বলার পরও কঙ্গনা থামেননি। তার ভাষ্য, এতে বীর দাসের ঠোঁটে আঘাত লাগে এবং রক্ত বের হয়। পডকাস্টে তিনি বলেন, ‘বীর দাসকে একদিন আমার পডকাস্টে আনতে হবে। ওই সময়ের কথা মনে করলে হয়তো কেঁদেই ফেলবে। দৃশ্য শেষ হয়ে যাওয়ার পরও তিনি থামেননি। বেচারার ঠোঁট কামড়ে রক্ত বের করে দিয়েছিলেন।’

তবে এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। কঙ্গনা রনৌত বা বীর দাস—দুজনের কেউই নতুন করে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০২৩ সালেও একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। তখন কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যঙ্গ করে লিখেছিলেন, ‘হৃতিক রোশনের পর এবার নাকি বেচারা বীর দাসেরও মানহানি করলাম? এটা আবার কবে হলো?’ সঙ্গে তিনি হাসি, জিভ বের করা ও ফেসপাম ইমোজিও ব্যবহার করেন। তার প্রতিক্রিয়া থেকে অভিযোগটি গুরুত্ব দেননি বলেই ধারণা করা হয়।

কঙ্গনা রনৌত বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন, রাজনৈতিক মন্তব্য কিংবা চলচ্চিত্রাঙ্গনের নানা বিষয় নিয়ে আলোচনায় থাকেন।

সূত্র: আনন্দবাজার।