‘বিবাহিত পুরুষের প্রেমে পড়ো না’ — মেয়েদের প্রভার পরামর্শ

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অনুসারীদের সঙ্গে নানা অনুভূতি-অভিজ্ঞতা শেয়ার করেন, দেন পরামর্শও। আজ এক ভিডিও বার্তায় মেয়েদের উদ্দেশে বললেন, কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়াতে।

প্রভা বলেন, “মেয়েরা শোনো, ছোট-বড় সবাইকে অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’—এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে জড়ালে সারাজীবন নিজেকে মাফ করতে পারবে না। যতই ম্যানিপুলেট করুক, বিবাহিত ছেলের প্রেমে পড়বে না।”

প্রভা জানান, কিছুদিন আগে তিনি নিজেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সেই ঘটনা টেনে বলেন, ‘তোমাকে অনেক কথা শুনতে হবে, কিছুদিন আগে আমাকেও শুনতে হয়েছে। আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে, এরা কী কী বলে। আমি তাকে সোজা বলেছি, সংসারে এত সমস্যা থাকলে, ডিভোর্সের প্রসেসিং চললে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কি না। এখন সে বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।’

সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে ওইসব ব্যক্তি মেয়েদের সঙ্গে সখ্য করার চেষ্টা করে বলে মনে করেন প্রভা। তাই এমন ছেলের সঙ্গে প্রেম তো দূর, বন্ধুত্ব করতেও বারণ করেছেন তিনি।