আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

Earthquike 2406021048

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ এশিয়ায় শক্তিশালী ভূমিকম্প। আফগানিস্তানে উৎপন্ন কম্পনে একসঙ্গে কেঁপে উঠেছে ভারত ও পাকিস্তান।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার কিছু পরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। খবর এনডিটিভির।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল আফগানিস্তান। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, জম্মু ও কাশ্মীরসহ ভারতের উত্তরাঞ্চল, পাকিস্তানের বিভিন্ন প্রদেশ এবং আফগানিস্তানের একাধিক এলাকায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের জুরম এলাকার ৪৩ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির উৎপত্তি।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার বলছে, হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ১৭৮ কিলোমিটার।

জিও নিউজের খবর অনুযায়ী, পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার, সোয়াত, বান্নু, চিত্রালসহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়। আজাদ কাশ্মীরের নীলম ভ্যালি ও মুজাফফরাবাদেও ভূকম্পন টের পাওয়া গেছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় কম্পন দীর্ঘ সময় স্থায়ী হয় বলে জানান স্থানীয়রা। আতঙ্কে মানুষ ঘর থেকে বের হয়ে আসে। নারী ও শিশুরা কান্নাকাটি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।