শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরুতেই শুভেচ্ছা বিনিময় করেন দুই নেতা।

শুক্রবার, ২৬ জুন বাংলাদেশ সময় সকাল ৯টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক শুরু হয়।

এর আগে সকালে তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

জানা গেছে, বৈঠক শেষে আজ বিকেলেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ২৪ জন।

প্রতিনিধিদলে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিনও আছেন সফরে।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সোমবার রাতে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন। দুই দিন সেখানে কর্মসূচিতে অংশ নিয়ে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান তিনি।