ভিসা নিয়ে ৬ দেশের জন্য আরব আমিরাতের নতুন সুবিধা

অন-অ্যারাইভাল ভিসা প্রকল্পে নতুন ৬টি দেশ যুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২৬ জুন) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর গালফ নিউজের।

বিবৃতি অনুযায়ী, এই ছয় দেশের দর্শনার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই ক্যাটাগরির অন-অ্যারাইভাল ভিসা চালু করা হয়েছে— ১৪ দিন ও ৬০ দিনের।

১৪ দিনের ভিসার ফি ১০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৩৪১ টাকা। আর ৬০ দিনের ভিসার ফি ২৫০ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,৩৫১ টাকা।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশসহ মোট ৩৫টি দেশের নাগরিকরা আমিরাতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন। নতুন ছয়টি দেশ যুক্ত হওয়ায় তালিকাটি আরও বড় হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণ পর্যায়ে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ আমিরাত। নতুন সিদ্ধান্তের মাধ্যমে এসব দেশের নাগরিকরা আমিরাতের সংস্কৃতি, পর্যটন, অর্থনীতি ও অবকাঠামো সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারবেন।