ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ ডিএমপির

Auto Rickshaw 1024x576
১০৩

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা বন্ধসহ যানজট কমাতে শিগগির কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

বুধবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান জানান, প্রধান সড়কে ২০ বছরের পুরোনো, ফিটনেসবিহীন যানবাহন ও যত্রতত্র গাড়ি থামানো বন্ধ করা হবে। বাম লেন সচল রাখা এবং উল্টোপথে চলাচল ঠেকাতে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় হতে হবে। যানবাহনে জিপিএস চালুর পরিকল্পনাও রয়েছে।

ডিএমপির যুগ্ম-কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞা বলেন, বিমানবন্দর সড়ক, ৩০০ ফিট সড়ক ও লেক রোডে পাইলট প্রকল্পের মাধ্যমে গতিসীমা নিয়ন্ত্রণসহ সড়ক নিরাপত্তা কার্যক্রম শুরু হচ্ছে।

বিআইজিআরএস কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ জানান, সিটি করপোরেশন এলাকায় এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে সর্বোচ্চ গতি ৪০ কিমি এবং অন্যান্য সড়কে ৩০ কিমি নির্ধারণ করা হয়েছে। শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিমি।

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ডিএমপি, ডিএনসিসি ও গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ।