এমবাপের জোড়া গোলে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স।

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ২০১৮ সালের চ্যাম্পিয়নরা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপ থেকে আগেভাগে নকআউটের টিকিট কাটল।

শততম ম্যাচে ১৪ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। ইরাকের ডিফেন্ডারের ক্লিয়ার করা বল পান মাইকেল ওলিসে। তার ব্যাকপাস থেকে বাম পায়ের শটে জাল কাঁপান এমবাপে। বিশ্বকাপে এটি তার ১৫তম গোল। এই গোলে ব্রাজিলের রোনালদো নাজারিওকে ছুঁয়ে ফেলেন তিনি।

বজ্রপাতের ঝুঁকির কারণে সোয়া দুই ঘণ্টা বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরু হয়। ৫৪ মিনিটে ইরাক গোলকিপার বাসিলের ভুলে দ্বিতীয় গোল করেন এমবাপে। গোল কিকের পর বাসিলের ক্লিয়ার করতে যাওয়া বল সরাসরি চলে যায় দেম্বেলের কাছে। দেম্বেলে ফাঁকায় থাকা এমবাপেকে পাস দেন। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

এই গোলে বিশ্বকাপে ১৬ গোল নিয়ে মিরোস্লাভ ক্লোসাকে ছুঁলেন এমবাপে। টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। তার সামনে এখন কেবল লিওনেল মেসি, ১৮ গোল নিয়ে।

৬৬ মিনিটে ওলিসের পাস থেকে দেম্বেলে তৃতীয় গোল করে ফ্রান্সের সহজ জয় নিশ্চিত করেন। ডি-বক্সের ডান দিক থেকে জোরালো শটে বল জালে পাঠান তিনি।

সেনেগালের পর ইরাকের বিপক্ষেও জোড়া গোল করলেন এমবাপে। ৪ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন তিনি।

হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন এমবাপে। প্রতিপক্ষের অর্ধ থেকে দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের সামনে গিয়েও বল পোস্টের ওপর দিয়ে মারেন।