৬ রাত বন্ধ থাকছে কর্ণফুলী টানেলের এক টিউব

রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় টানেলের একটি টিউব দিয়ে উভয়মুখী গাড়ি চলবে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল চলবে।

রক্ষণাবেক্ষণকাজ চলাকালে যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

নিরাপদে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।