মালয়েশিয়ার বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোই আমাদের অগ্রাধিকার। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলছি। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের শক্তিশালী সম্ভাবনা রয়েছে।

আইসিটি, জ্বালানি, অবকাঠামো, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, শিক্ষা, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরসহ উচ্চমূল্যের খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় এগিয়ে যেতে দুই দেশ সম্মত হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচনে বিএনপি জনগণের অপ্রতিরোধ্য সমর্থনে শক্তিশালী ম্যান্ডেট পেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে।