বড় চমক নিয়ে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল, থাকছে না চতুর্থ ইডিয়ট

দীর্ঘ জল্পনার পর ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নির্মাণের কথা নিশ্চিত করেছেন পরিচালক রাজকুমার হিরানি। তবে তিনি জানিয়েছেন, ছবিতে কোনো ‘চতুর্থ ইডিয়ট’ থাকছে না এবং ‘ফোর ইডিয়টস’ নামটিও মিডিয়ার তৈরি গুজব।

সম্প্রতি অভিনেতা আমির খান সিক্যুয়েল নিয়ে ইঙ্গিত দেওয়ার পর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। গুঞ্জন ওঠে, নতুন কোনো চরিত্র যুক্ত হতে পারে এবং সেই ভূমিকায় ভিকি কৌশলের নামও আসে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হিরানি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমির খুব শুরুর দিকের একটি খসড়া পড়েছিলেন। গল্পের মূল ধারণা ঠিক করা হয়েছে, তবে এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে। আমরা সবাই এটি নিয়ে খুবই উচ্ছ্বসিত।

‘ফোর ইডিয়টস’ নাম নিয়ে হিরানি বলেন, এই নাম আমি দেইনি, এটি মিডিয়ার তৈরি। আসলে কোনো চতুর্থ ইডিয়ট নেই। এটি ‘থ্রি ইডিয়টস’-ই থাকবে। গল্পটি আগের ঘটনার প্রায় ২০ বছর পরের সময়কে কেন্দ্র করে এগোবে।

এর আগে আমির খানও ইঙ্গিত দিয়েছিলেন, নতুন গল্পে আবারও দেখা যাবে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুকে। তবে এবার তাদের জীবনের দুই দশক পরের অধ্যায় তুলে ধরা হবে। নির্মাতারা জানিয়েছেন, গল্পটি যথেষ্ট শক্তিশালী হলেই কেবল ছবিটি বড় পর্দায় আনা হবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয় করেছিলেন আমির খান, আর. মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর খান, বোমান ইরানি, মোনা সিং ও আলি ফজল। ছবিটি এখনও বলিউডের অন্যতম সফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিশেষ স্থান ধরে রেখেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া