কলকাতায় ইতিহাস: একসঙ্গে তিন যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করলেন মোদি

দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক নামের যুদ্ধজাহাজ তিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়। গার্ডেনরিচ শিপইয়ার্ডে নির্মিত জাহাজগুলো ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে বলে জানান মোদি।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মোদি বলেন, নৌবাহিনী শক্তিশালী না হলে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন শুধু ভোক্তা নয়, নির্মাতা হতে চায়। তিনটি জাহাজের নকশা ও প্রযুক্তি সম্পূর্ণ দেশীয়। বাংলা থেকেই আত্মনির্ভর ও সুরক্ষিত ভারতের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

তিন যুদ্ধজাহাজের সক্ষমতা

• আইএনএস দুনাগিরি: প্রজেক্ট-১৭এ স্টেলথ ফ্রিগেট। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ভূমি থেকে ভূমি ও ভূমি থেকে আকাশে হামলা চালাতে পারে। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত।

• আইএনএস অগ্রয়: আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রু সাবমেরিন মোকাবিলায় কার্যকর। টর্পেডো ও দেশীয় রকেট লঞ্চার রয়েছে। উপকূল ও গভীর পানিতে জরিপ করতে সক্ষম।

• আইএনএস সংশোধক: ভারতের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ। হালকা ওজনের টর্পেডো ও রকেট লঞ্চার রয়েছে। উপকূলীয় ও গভীর সমুদ্রের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক তথ্য সংগ্রহে ব্যবহার হবে।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তিনটি জাহাজই সমুদ্রযুদ্ধ, হাইড্রোগ্রাফিক জরিপ ও অ্যান্টি-সাবমেরিন অভিযানে সক্ষম। নকশা করেছে নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)।

‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির আওতায় জাহাজগুলোতে ৭৫ শতাংশের বেশি দেশীয় উপকরণ ব্যবহার হয়েছে। নির্মাণে ২০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান যুক্ত ছিল, যাতে বড় পরিসরে কর্মসংস্থান হয়েছে।

উদ্বোধনের পর আইএনএস দুনাগিরি ও আইএনএস অগ্রয় আন্দামানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তিনটি জাহাজই সমুদ্রসীমা সুরক্ষায় একযোগে দায়িত্ব পালন করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া