সোমবারই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে। দ্য অবজারভার জানিয়েছে, আগামী সোমবার (২২ জুন) সপ্তাহের শুরুতেই তিনি পদত্যাগ করতে পারেন এবং বিদায়ের সময়সূচি ঘোষণা করতে পারেন। তবে সরকারের একটি সূত্র বলছে, স্টারমার এখনও পুরোপুরি দায়িত্বে মনোযোগী। খবর রয়টার্সের।

কয়েক মাস ধরে লেবার পার্টিতে নেতৃত্বের সংকট চলছে। শুক্রবার (১৯ জুন) উপনির্বাচনে জিতে স্টারমারের প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি করেছেন। এতে দলের ভেতরের চাপ আরও বেড়েছে।

দ্য অবজারভার জানায়, চ্যাকার্সে সরকারি বাসভবনে স্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ নেতারা মনে করছেন, শিগগিরই তার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তবে শুক্রবার স্টারমার বলেছেন, নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ তিনি শক্ত হাতে মোকাবিলা করবেন। দলকে অভ্যন্তরীণ কোন্দলে না জড়ানোর আহ্বানও জানান তিনি।

২০২৪ সালের নির্বাচনে বড় জয় এনে দিলেও কয়েকটি কেলেঙ্কারি ও নীতি পরিবর্তনের কারণে জনপ্রিয়তা হারিয়েছেন স্টারমার। জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় জনঅসন্তোষ বাড়ছে। রয়টার্স জানায়, লেবার পার্টির ১০০ জনের বেশি এমপি প্রকাশ্যে তার পদত্যাগ বা সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন।

দ্য অবজারভারের দাবি, ক্যাবিনেট মন্ত্রী, উপদেষ্টা ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে স্টারমার বুঝতে পেরেছেন অবস্থান ধরে রাখা কঠিন। যদিও এর পক্ষে সুনির্দিষ্ট সূত্রের নাম নেই।

নেতৃত্বের দৌড়ে বার্নহাম

৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহামকে অনেকেই স্টারমারের উত্তরসূরি ভাবছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বার্নহাম সাম্প্রতিক উপনির্বাচনে বড় জয় পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ না জানালেও তার বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট। ঘনিষ্ঠরা স্টারমারকে স্বেচ্ছায় সরে যেতে বলছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের নামও আলোচনায় আছে।

দ্য টাইমস জানিয়েছে, বার্নহাম প্রধানমন্ত্রী হলে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসকে সরিয়ে দিতে পারেন। যদিও রয়টার্স এই তথ্য যাচাই করতে পারেনি।

স্টারমার সরে দাঁড়ালে গত এক দশকে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রী পাবে, যা দেশটির রাজনৈতিক অস্থিরতার বড় ইঙ্গিত।