উনদাভের জোড়া গোলে নাটকীয় জয়, নকআউটে জার্মানি

১০১

বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। টরন্টোর বিএমও ফিল্ডে বদলি হিসেবে নেমে জোড়া গোল করে জয়ের নায়ক দেনিজ উনদাভ।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা ও লুকাস এনমেচা একাধিক সুযোগ পেলেও গোল আসেনি। উল্টো ৩০ মিনিটে এগিয়ে যায় আইভরি কোস্ট। বাম দিক থেকে আমাদ দিয়ালোর শট নাথানিয়েল ব্রাউন ব্লক করলেও ফিরতি বলে জোরালো শটে গোল করেন ফ্রাঙ্ক কেসি।

প্রথমার্ধে জার্মানি দুবার বল জালে পাঠালেও ফাউলের কারণে আলেকজান্ডার পেভলোভিচ ও জামাল মুসিয়ালার গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরান বদলি উনদাভ। ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস হাভার্টজকে এড়িয়ে পৌঁছায় তার কাছে। বক্সের ভেতর থেকে দারুণ ভলিতে সমতা ফেরান তিনি।

ম্যাচ যখন ড্রয়ের পথে, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। লুকাস এনমেচার পাস থেকে এক টাচে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী শটে জার্মানিকে জয় এনে দেন উনদাভ।

এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন। এমনকি ইকুয়েডর কুরাসাওকে হারাতে ব্যর্থ হলেও শীর্ষস্থান নিশ্চিত জার্মানির।

অন্যদিকে, চার পয়েন্ট নিয়ে নকআউটের পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আইভরি কোস্টের। কিন্তু শেষ মুহূর্তের হারে কঠিন সমীকরণে পড়ল আফ্রিকান দলটি। শেষ গ্রুপ ম্যাচে জয় ছাড়া উপায় নেই তাদের।