২০ লাখ টন ছাড়াল খাদ্যশস্যের সরকারি মজুত, নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত এখন সন্তোষজনক পর্যায়ে। গত ১৭ জুন ২০২৬ পর্যন্ত ফ্লোটিং মজুতসহ দেশে মোট সরকারি মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।

খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সরকারি গুদামে এখন চাল আছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন, গম ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ফ্লোটিং মজুত বাদে মোট মজুত ২০ লাখ ৩৮ হাজার ১১৪ মেট্রিক টন। এর সঙ্গে গমের ২০ হাজার ৪৩২ টন ও চালের ১ হাজার ৯৬২ টনের ফ্লোটিং মজুত যোগ হয়ে মোট দাঁড়ায় ২০ লাখ ৬০ হাজার ৫০৭ টন। ধানের মজুত চালের আকারে রূপান্তর করে হিসাব করা হয়েছে।

চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে বোরো সংগ্রহ অভিযান চলছে। ১৭ জুন পর্যন্ত মোট সংগ্রহ হয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন। এর মধ্যে ধান ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ টন, সিদ্ধ চাল ৫ লাখ ৬৬ হাজার ৬৭ টন, আতপ চাল ৩১ হাজার ৯৬৮ টন এবং গম ৪৯৪ টন। ১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে মোট আমদানি হয়েছে ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য। এর মধ্যে চাল ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন ও গম ১২ লাখ ৬৬ হাজার ৫৭ টন। সরকারি ব্যবস্থাপনায় এসেছে ১২ লাখ ৬৬ হাজার ৯৮ টন, আর বেসরকারি খাতে এসেছে ৭৩ লাখ ১৬ হাজার ৫৩ টন। শুধু ১৭ জুন একদিনে এসেছে ৫ হাজার ১২০ টন খাদ্যশস্য।

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মামুন মিয়া বলেন, ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন মজুত থাকলে তা নিরাপদ ধরা হয়। এখন যা আছে, তা খুবই নিরাপদ। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন জানান, খাদ্য মজুত এখন খুবই সন্তোষজনক পর্যায়ে আছে। খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, চলতি বোরো মৌসুমে সংগ্রহ চলমান থাকায় মজুত আরও বাড়বে। ৩ মে থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ সময় ৫ লাখ টন ধান, ১২ লাখ টন চাল, ১ লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানি স্বাভাবিক থাকায় বাজারে চাল-গমের সরবরাহ স্থিতিশীল থাকবে। সরকারের নানা পদক্ষেপের কারণে খাদ্য মজুত আগামী দিনগুলোতে আরও বাড়তে থাকবে।