স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সুখবর: ফিরছেন নেইমার

নিজস্ব প্রতিবেদক | ঢাকাঃ  বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলটির প্রধান তারকা নেইমার জুনিয়রের ফেরার ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। কাফের ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকলেও, পুনর্বাসন প্রক্রিয়ার ইতিবাচক অগ্রগতিতে নতুন আশার আলো দেখছে সেলেসাওরা।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি জানান, নেইমার এখন ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। তিনি বলেন, “শনিবার নেইমার আলাদাভাবে অনুশীলন করবেন এবং সবকিছু ঠিক থাকলে সোমবার থেকে তিনি দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী সব এগোলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।”

এর আগে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে দলে থাকলেও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি এই সান্তোস তারকার। ফিটনেস পুনরুদ্ধারে নিউ জার্সিতে আলাদাভাবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। শুরুতে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা থাকলেও, দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

নেইমারের ফেরা নিয়ে স্বস্তি থাকলেও ব্রাজিল শিবিরে নতুন উদ্বেগ হয়ে দাঁড়িয়েছেন রাফিনহা। হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ফরোয়ার্ড। কোচ আনচেলত্তি জানিয়েছেন, রাফিনহার ইনজুরির ধরন এখনো নিশ্চিত নয়। অতিরিক্ত পরীক্ষার পরই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গত মৌসুমেও হ্যামস্ট্রিং সমস্যায় ভোগা রাফিনহার এই নতুন চোট ব্রাজিল টিম ম্যানেজমেন্টকে বাড়তি সতর্কতায় ফেলেছে।

মরক্কোর সঙ্গে ১-১ ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল হাইতির বিপক্ষে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। প্রথমার্ধেই তিন গোল করে নিশ্চিত জয় তুলে নেওয়ায় গ্রুপ ‘সি’তে নকআউট পর্বের পথ অনেকটা প্রশস্ত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা।

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে উত্তর আমেরিকার মাটিতে পা রাখা ব্রাজিলের জন্য নেইমারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে বড় এক শক্তি। তার অন্তর্ভুক্তি দলের আক্রমণভাগকে যেমন শক্তিশালী করবে, তেমনি দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে কয়েক গুণ।