সীমাবদ্ধতা পেরিয়ে সততা-নিষ্ঠায় ন্যায়বিচার নিশ্চিত করুন: বিচারকদের প্রতি প্রধান বিচারপতি

বিচার বিভাগের বিদ্যমান সীমাবদ্ধতা পেরিয়ে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২০ জুন) ঢাকা বিভাগে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে ঢাকা বিভাগের সব বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বক্তব্য দেন। তারা বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত, বিচার বিভাগের বাজেট বাড়ানো, জরুরি ভিত্তিতে এজলাস, খাসকামরা, রেকর্ডরুম, মালখানা ও আবাসন সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, আদালত ও বিচারকদের নিরাপত্তা, ডিজিটাইজেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার বিষয়গুলো তুলে ধরেন।

প্রধান বিচারপতি বিচারকদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি জানান, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাইজেশন, বিচারকদের নিরাপত্তা, দেশি-বিদেশি প্রশিক্ষণ, প্রতিটি জেলা আদালতে মেডিকেল সেন্টার ও ডে-কেয়ার সেন্টার স্থাপন, স্পিচ-টু-টেক্সট সফটওয়্যার তৈরি ও ব্যবহার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানও বিচারিক কর্মকর্তাদের উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করেন। তিনি বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত এবং এ জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।