রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ হাসপাতালে মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ (৪০), যিনি আন্ডারওয়ার্ল্ডে ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত ছিলেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, গত সপ্তাহে রামপুরায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন দুপুরে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছে ওত পেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন পলাশ। ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত রবিবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। পলাশের মৃত্যুর পর এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে পুলিশ জানিয়েছে। উক্ত মামলায় আন্ডারওয়ার্ল্ডের আরেক শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টিকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশের একটি সুত্র জানিয়েছে, অভ্যন্তরীণ কোন্দল ও রাজধানীর একটি জোনের অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।