যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৩২

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

নতুন যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা রবিবার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে হবে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও থাকবেন। মার্কিন আলোচক স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন।

তবে শনিবার ইরান জানায়, লেবাননে ইসরায়েলের হামলার কারণে তারা হরমুজ প্রণালির নৌপথ বন্ধ করে দিয়েছে। এই হামলাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহ জেলায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, কাফার রেমান গ্রামে হামলায় একজন লেবানিজ সেনা নিহত হয়েছেন। টায়ার জেলার বারিশ গ্রামে এক হামলায় একই পরিবারের চার সদস্য—বাবা, মা ও দুই সন্তান নিহত হয়েছেন।

এনএনএ আরও জানায়, পশ্চিম বেকা অঞ্চলের সোহমোরে আরেক হামলায় বাড়ির ভেতরে থাকা অবস্থায় এক পরিবারের চারজন নিহত ও একজন আহত হয়েছেন।

লেবাননের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, সিডন জেলার কানারিত শহরে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।