চলে গেলেন কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক

বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা হবে।

আবদুস সাদেক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছোট ভাই। তার বড় ছেলে ইশতিয়াক সাদেক টি স্পোর্টসের সিইও ও ক্রীড়া ব্যক্তিত্ব।

শুধু হকি নয়, ফুটবল-ক্রিকেটেও পারদর্শী ছিলেন আবদুস সাদেক। ঢাকা আবাহনীর প্রথম ফুটবল ও হকি অধিনায়ক তিনি। অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে ১৯৬৯ সালে ইউরোপ সফর করেন। জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্সসহ ৭টি দেশে খেলে ক্যারিশমা দেখান।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে কুমিল্লা জেলা দলের অধিনায়ক ছিলেন। ১৯৭৭ সালে আবাহনীর কোচ হয়ে ইতিহাস গড়েন। সেবার লিগে এক ম্যাচও হারেনি আবাহনী। তিনটি ড্র ছাড়া সব ম্যাচে জিতে দেশের প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি।

১৯৭৭-৭৮ মৌসুমে হকিতে প্রথম জাতীয় দলের অধিনায়ক হন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে এক জয়, এক ড্র ও এক হার পায় বাংলাদেশ। ১৯৭৮ এশিয়ান গেমসেও তিনি হকি দলের নেতৃত্ব দেন।

১৯৮৩-১৯৮৫ পর্যন্ত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন আবদুস সাদেক। তার প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকি আয়োজন হয়। ক্রীড়ায় অবদানের জন্য ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান তিনি।