‘নেইমার নেই, এটাই ইতিবাচক ইঙ্গিত’ — ব্রাজিল-ম্যাচের আগে হাইতি কোচের হুঙ্কার

নেইমার চোটে মাঠের বাইরে থাকায় স্বস্তিতে হাইতি শিবির। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে নেইমারবিহীন সেলেসাওদের হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন হাইতির প্রধান কোচ সেবাস্তিয়েন মিগনে।

শনিবার (২০ জুন) ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সাম্প্রতিক চোটের কারণে মরক্কোর বিপক্ষে খেলেননি নেইমার। হাইতির বিপক্ষেও তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। নকআউটের আগে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল।

নেইমারের অনুপস্থিতিকে ‘ইতিবাচক ইঙ্গিত’ বলছেন মিগনে। কারণ নেইমার ছাড়া ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা আছে তার। ২০২২ বিশ্বকাপে তিনি ছিলেন ক্যামেরুনের সহকারী কোচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুন ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। সেদিন খেলেননি নেইমার।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মিগনে বলেন, ‘আমি একটি ইতিবাচক লক্ষণ দেখছি। চার বছর আগে ক্যামেরুনের কোচিং স্টাফে থাকার সময়ও নেইমার খেলেনি। ঠিক কী কারণে খেলেনি মনে নেই, তবে এটাকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছি। ইতিহাস গড়তে এই সুযোগ কাজে লাগাতে চাই।’

শুধু জয় নয়, দেশের মানুষকে আনন্দ দিতে চায় হাইতি। ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে ব্রাজিলের মতো প্রতিপক্ষের মুখোমুখি হওয়াকে বিশেষ অর্জন বলছেন মিগনে।

‘সবশেষ ৫২ বছর আগে আমরা বিশ্বকাপে খেলেছিলাম। শনিবার ব্রাজিলের বিপক্ষে নামা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। হাইতির সমর্থকেরা তাকিয়ে আছে। আমি চাই খেলোয়াড়রা এটা বুঝুক এবং এমন পারফর্ম করুক যাতে পুরো দেশ গর্ব করতে পারে,’ বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছিলাম। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা আরও বড় পরীক্ষা। আমরা কী পারি, সেটা দেখানোর সেরা সুযোগ এটাই।’

এদিকে নেইমারকে ছাড়াই মাঠে নামতে যাওয়া ব্রাজিল নিজেদের শক্তি দেখাতে আত্মবিশ্বাসী। তবে হাইতি কোচের মন্তব্য ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে হাইতি চমক দেখাতে পারে কি না, সেটাই এখন দেখার।