দেশীয় অর্থায়নে দ্রুত হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী

তিস্তা নদীকে ঘিরে মেগা প্রকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে দ্রুততম সময়ে এটি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, প্রকল্পে ১৩-১৪ হাজার কোটি টাকা লাগবে। প্রধানমন্ত্রী নিজেই কাজ তদারকি করছেন।

মন্ত্রী বলেন, পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে এই অঞ্চলের মানুষকে রক্ষা করা যাবে। তিস্তা শুধু রংপুরের দুঃখ নয়, সারা দেশের দুঃখ। কাজ শেষ হতে ৪-৭ বছর লাগতে পারে, তবে এর সুফল পুরো দেশ পাবে। কৃষিভিত্তিক অঞ্চল গড়ে উঠবে।

তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কমিটি গঠন হয়েছে। প্রাথমিক সমীক্ষা শেষ। ৯ সদস্যের বিশেষজ্ঞ দল কাজ করছে। দুই-এক মাসের মধ্যে মহাপরিকল্পনার কাজ শুরু হবে।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিস্তা সেচ প্রকল্প শুরু করেছিলেন। এবার তার উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মেগা প্রকল্প হবে। প্রকল্পে ভাঙন রোধের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার ব্যবস্থাও থাকবে।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।