মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই দালাল আটক, কারাদণ্ড ও জরিমানা

রাসেল হাওলাদার: রাজধানীর মিরপুর বিআরটিএ মেট্রো সার্কেল-১ এ আগত গ্রাহকদের হয়রানি ও প্রতারণা দূর করতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে গ্রাহক হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে দালাল চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।

আদালতের সামনে আটককৃত ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালীন আইনশৃঙ্খলার উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা হলেন খিলক্ষেতের নাজিমউদ্দীনের ছেলে মোঃ নয়ন মিয়া (৫০) এবং মিরপুর-৬, পল্লবীর ১০ নম্বর রোডের ১০৯/১০ নম্বর বাসার সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইকবাল হোসেন।

এ বিষয়ে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান জানান, এই প্রতারক চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট অভিযোগ আসছিল। তারা বিআরটিএ অফিসে আগত সাধারণ গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও মোটা অঙ্কের টাকা-পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যেত। গ্রাহক ভোগান্তি ও হয়রানি দূর করতে দালাল ও প্রতারকদের বিরুদ্ধে বিআরটিএ-এর এই কঠোর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।