ইংল্যান্ডের সাপোর্টার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে অভাবনীয় উন্মাদনা শুরু হয়, তা থেকে বাদ যান না দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারও। সাধারণ মানুষের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবারের প্রিয় দল নিয়ে কৌতুহল আছে সব মহলেই। ২০২৬ বিশ্বকাপ ফুটবল চলছে। এই ভরা মৌসুমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও বইছে বিশ্বকাপের উত্তাল হাওয়া।

দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটবলপ্রীতি এবং ক্রীড়াঙ্গন নিয়ে তার আগ্রহের কথা সবার জানা। এবার জানা গেল বিশ্বমঞ্চে তার প্রিয় দলের নাম। দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাস করেছিলেন তিনি। এ কারণে ফুটবলার হ্যারি কেইনদের থ্রি-লায়ন্স বা ইংল্যান্ড দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের তিনি নিজেই বলেন, অনেকদিন ইংল্যান্ডে থাকার সুবাদেই এই দলের সমর্থক তিনি।

প্রধানমন্ত্রীর ইংল্যান্ড প্রীতির দিনে ঐতিহ্যগতভাবেই এই পরিবারে জড়িয়ে আছে সেলেসাওদের নাম। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

অনেকের ধারণা, দাদীর সেই চেনা সাম্বা ফুটবলের ঐতিহ্য ধরে রেখেছেন নাতনী জাইমা রহমান। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ ছবি শেয়ার করেন তিনি। এতে দেখা যায়, ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের সময় ব্রাজিলের স্ট্রাইকার রোনালদো নাজারিও বিমান থেকে নামছেন এবং হাতে একটি ভিডিও ক্যামেরা ধরে আছেন।

জাইমা রহমান তার স্টোরির ক্যাপশনে লিখেছেন, আপনারা কি রেডি?। শুধু তাই নয়, স্টোরির ব্যাকগ্রাউন্ডে তিনি যুক্ত করেছেন বিখ্যাত ‘সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬’ গানটি।