যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা অফিস: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা ও শান্তিচুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে যেকোনো আন্তর্জাতিক উত্তেজনা হ্রাস এবং সংঘাত সমাধানের আহ্বান জানিয়ে আসছে। চলমান এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় বাংলাদেশ।

একই সঙ্গে ঢাকা আশা প্রকাশ করে, এই চুক্তিটি সংশ্লিষ্ট পক্ষগুলো সদ্ভাবের সঙ্গে পুরোপুরি বাস্তবায়ন করবে এবং এটি দীর্ঘস্থায়ী ও টেকসই প্রমাণিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সবসময়ই মনে করে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকা অপরিহার্য। এই সমঝোতার ইতিবাচক গতিকে কাজে লাগিয়ে সব পক্ষ যাতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাকি অমীমাংসিত বিষয়গুলোও সমাধান করে, সেই আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে এই চুক্তির ফলে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) সচল হওয়া এবং দ্রুত পারস্পরিক সহযোগিতা পুনরুদ্ধার হবে বলে বিজ্ঞপ্তিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।