যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হিজবুল্লাহর বিরুদ্ধে আরও হামলার আহ্বান ট্রাম্পের

যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকা অবস্থায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আরও হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার রেকর্ড করা এবং রোববার সম্প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তার এই বক্তব্যকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদারের প্রতি পরোক্ষ সমর্থন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাই লেবাননের মানুষ আরও ভালো জীবন যাপন করুক। আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট হামলা দেখতে চাই। আমার মনে হয়, এসব অভিযান আরও লক্ষ্যভিত্তিক হওয়া উচিত।”

উল্লেখ্য, কয়েকদিন আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সময়ে ওয়াশিংটনের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতেও সম্মত হয়েছিল সংশ্লিষ্ট পক্ষগুলো। এর মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি প্রচেষ্টা চললেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ রোববার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১১ হাজার ৭২ জন।

সূত্র: আল জাজিরা