‘শরীর নয়, চরিত্রে ফোকাস চাই’: ‘পেদ্দি’র শুটিংয়েই আপত্তি জানিয়েছিলেন জাহ্নবী

রাম চরণের আলোচিত সিনেমা ‘পেদ্দি’ মুক্তির পরই বিতর্কে জাহ্নবী কাপুর। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন এই বলিউড অভিনেত্রী। এরই মধ্যে জাহ্নবীর ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া চ্যাটে জাহ্নবী দাবি করেন, ‘পেদ্দি’ সিনেমায় তার চরিত্রের চেয়ে শরীরকেই বেশি গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। শুটিং চলাকালেই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন তিনি।

জাহ্নবী নির্মাতাদের স্পষ্ট জানিয়েছিলেন, তার শরীরের নির্দিষ্ট অংশ যেন আলাদাভাবে ফোকাস না করা হয়। সহশিল্পী রাম চরণও তাকে সমর্থন করেন এবং চিত্রগ্রাহককে এ ধরনের শট না নিতে সতর্ক করেন।

চ্যাটে জাহ্নবী আরও বলেন, বিষয়টি শুধু ‘পেদ্দি’র নয়— দক্ষিণী চলচ্চিত্রে এ ধরনের উপস্থাপনা দীর্ঘদিন ধরেই চলছে। তবে রাম চরণের প্রশংসা করে তাকে অত্যন্ত সহযোগিতাপরায়ণ ও ইতিবাচক মানুষ বলেও উল্লেখ করেছেন তিনি।

আশির দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’র গল্প। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়তে খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের এক করেন রাম চরণ। এতে প্রধান নারী চরিত্রে আছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।

২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।

সূত্র: আনন্দবাজার অনলাইন