ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

মূলত এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। নতুন অর্থবছরের বাজেটে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রার প্রতিফলন থাকবে বলে জানা গেছে। বাজেটের ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।