মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক জানান, সকাল ৯টা ১৮ মিনিটে আগুনের খবর পেয়ে ৯টা ২৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মার্কেটের নিচতলায় আগুন লাগলেও কোন দোকানে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।