পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের টহল ও নজরদারি বাড়ল

ভারত থেকে অবৈধ পুশইন ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড আওতাধীন সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল চলছে। বাংলাদেশ-ভারত সীমান্তে কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি।

সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেইলেন্স ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ আরও বাড়ানো হয়েছে। পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ডের সঙ্গে অন্যান্য সংস্থার সমন্বয়ে নজরদারি অব্যাহত আছে।

পুশইন সংক্রান্ত যে কোনো তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানাতে সচেতন নাগরিকদের আহ্বান জানান তিনি।