উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি বালুখালীর বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন।

দুপুরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে বিকেল ৪টার দিকে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর ১৬ ও ১৭ নম্বর ক্যাম্পেও যান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া ইউএনও রিফাত আসমা, উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমানসহ এপিবিএন, র‌্যাব-১৫ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, সফরকে কেন্দ্র করে ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সফর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন হাকান ফিদান। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।