কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত উদ্যোগে জোর প্রধানমন্ত্রীর

জলবায়ু সংকট মোকাবিলায় কৃষিকে টেকসই ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ ও জলবায়ু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপদাহ, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ও বন্যা বিশ্বজুড়ে পরিবেশ ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। বাংলাদেশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণে সামান্য অবদান রাখলেও ভৌগোলিক অবস্থান ও উচ্চ জনঘনত্বের কারণে উচ্চ জলবায়ু ঝুঁকিতে রয়েছে।

তিনি জানান, সরকার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে।

এছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনা ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়ন, উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সবুজ শিল্পায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।