স্থানীয় সরকার নির্বাচনের আইন সংস্কারের খসড়া আসছে ১৫ জুন

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালায় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া প্রস্তাব আগামী ১৫ জুনের মধ্যে জনমতের জন্য প্রকাশ করা হবে।

বুধবার (৩ জুন) ইসি সূত্রে জানা গেছে, বিদ্যমান আইন পর্যালোচনা করে নির্বাচনি ব্যয় ও জামানত বৃদ্ধি, প্রার্থিতার শর্তে পরিবর্তন, প্রচারণার নতুন নিয়মসহ বিভিন্ন সংস্কার আনা হচ্ছে। এসব বিধিকে জাতীয় নির্বাচনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা চলছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, খসড়া প্রস্তুত হলে তা অংশীজন ও সাধারণ মানুষের মতামতের জন্য উন্মুক্ত করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের ভোটার সমর্থনের স্বাক্ষর সংগ্রহের বাধ্যবাধকতা বাতিল করে জামানত বাড়ানো, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সমন্বিত আচরণবিধি প্রণয়ন, পোস্টারের ব্যবহার সীমিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নতুন নির্দেশনা।

কমিশন বলছে, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার সুযোগ নেই। আইন অনুযায়ী যোগ্য যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর ৩ হাজার ৭৫৫টি এবং আগামী বছর ৩৪৯টি নির্বাচন উপযোগী হবে। এছাড়া ৩৩০টি পৌরসভা, ৫০০টি উপজেলা, ১৩টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।