মৌলভীবাজারে বজ্রপাতে ঝরল চা শ্রমিক পরিবারের ১৪ গবাদিপশুর প্রাণ 

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এক আকস্মিক ও মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি অসহায় চা-শ্রমিক পরিবার।

বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৩টি গরু এবং ১টি মহিষের। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এই পৈশাচিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং ঝড়ের সঙ্গে কয়েক দফা তীব্র বজ্রপাত হয়। এ সময় মাঠে চড়তে থাকা চা-শ্রমিক পরিবারের গবাদিপশুগুলোর ওপর বজ্রপাত হলে ১৩টি গরু ও ১টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়।

দরিদ্র এই চা-শ্রমিক পরিবারগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস ছিল এই গবাদিপশুগুলো। অভাবের সংসারে একটু সচ্ছলতা ফেরাতে অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে কিংবা হাড়ভাঙা খাটুনির জমানো টাকা দিয়ে এসব পশু লালন-পালন করছিলেন। এক মুহূর্তের এই প্রাকৃতিক দুর্যোগে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে পরিবারগুলো এখন সম্পূর্ণ দিশেহারা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই চরম বিপদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তারা সরকারের কাছে দ্রুত মানবিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, “এমনিতেই চা-শ্রমিকদের সংসার চলে টেনেটুনে। তার ওপর এই ক্ষতি তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই দরিদ্র ও খেটে খাওয়া মানুষগুলোর পাশে এখনই সরকারি ও বেসরকারি উদ্যোগে দাঁড়ানো জরুরি।”

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে দ্রুত আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”