বেনাপোলে পুশইনের চেষ্টা: জিরো লাইনে আটকা নারী-শিশুসহ ১৫ জন, বিজিবির সতর্কতা

বেনাপোল (যশোর) প্রতিনিধি | যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নারী, পুরুষ ও শিশুদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টাকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) গত তিন দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অন্তত ১৫ জন ব্যক্তি। নাগরিকত্ব ও পরিচয় নিয়ে অনিশ্চয়তার কারণে তারা না পারছেন ভারতে ফিরতে, না পারছেন বাংলাদেশে ঢুকতে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত রোববার গভীর রাতে বিএসএফ বাংলাদেশি নাগরিক দাবি করে কয়েকজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। কিন্তু তাদের বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিজিবি তাদের গ্রহণে স্পষ্ট অস্বীকৃতি জানায়।

সার্চলাইট নিভিয়ে পুশইনের চেষ্টা

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত রোববার সন্ধ্যার পর বেনাপোলের সাদীপুর সীমান্তসংলগ্ন ভারতের হরিদাসপুর এলাকায় কয়েকটি ট্রাকে করে প্রায় দেড় শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। পরে সীমান্তের সার্চলাইট নিভিয়ে অন্ধকার সুযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে শূন্যরেখার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটকে দেন।

স্থানীয়দের দাবি, ভারতীয় অংশে এখনও শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে, যার ফলে নতুন করে পুশইনের আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বেনাপোল সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ রাতের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নিয়মবহির্ভূত অনুপ্রবেশ গ্রহণযোগ্য নয়

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন:

“দ্বিপক্ষীয় প্রক্রিয়া ও প্রচলিত নিয়ম অনুসরণ করে কাউকে ফেরত পাঠানো হলে আমরা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে কোনো নিয়ম না মেনে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।”

অন্যদিকে, শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটু জিরো লাইনে আটকে থাকা মানুষগুলোর মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত তাদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া নির্মাণের তাগিদ দিয়েছেন।

সাদীপুর সীমান্তে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণে আজ বুধবার বেনাপোল সফরে আসছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সফরকালে তিনি উত্তেজনা বিরাজ করা সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।