জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে রাশিয়ার অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।

বুধবার (৩ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অধিদপ্তরের মহাপরিচালক কিরিল লগভিনভ এক অভিনন্দন বার্তা পাঠান।

বার্তায় ড. খলিলুর রহমানের পেশাগত দক্ষতা ও কূটনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করে বলা হয়, তার নেতৃত্বে সাধারণ পরিষদের অধিবেশন কার্যকর ও সফল হবে। কিরিল লগভিনভ বলেন, ‘বহুপাক্ষিক সংস্থাগুলোর ওপর আস্থা যখন চ্যালেঞ্জের মুখে, তখন সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের জন্য সভাপতির আহ্বান বিশেষ গুরুত্বপূর্ণ।’

রাশিয়া জানায়, সব সদস্যরাষ্ট্রের সমান অংশগ্রহণে সাধারণ সভার কাজ পরিচালনার যে অভিপ্রায় খলিলুর রহমান ব্যক্ত করেছেন, তাকে মস্কো ইতিবাচকভাবে দেখছে। জাতিসংঘ সনদের নীতি মেনে সংস্থার সমন্বয়কারী ভূমিকা শক্তিশালী করার মনোভাবকেও সমর্থন করে রাশিয়া। একই সঙ্গে গ্লোবাল সাউথের দুর্বল দেশগুলোর প্রতি বাংলাদেশের মনোযোগকে স্বাগত জানিয়েছে দেশটি। হবু সভাপতির সঙ্গে ঘনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতার জন্য রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি।

এর আগে গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। ১৯০ ভোটের মধ্যে তিনি পান ৯৯টি, কাকোরিস পান ৯১টি। কোনো ভোট বাতিল হয়নি।

আগামী ৮ সেপ্টেম্বর ৮১তম অধিবেশন শুরু হলে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। দুই সপ্তাহ পর বিশ্ব নেতারা বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ আলোচনায় অংশ নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হবেন।