‘আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে’: মমতা ব্যানার্জী

২৯

বাংলাদেশের একটি ‘বড় হত্যাকাণ্ড’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।

মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে তিনি দাবি করেন, ওই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চপদস্থ নেতৃত্বের যোগসূত্র আছে।

মমতার অভিযোগ, বাংলাদেশের আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার পর এসটিএফ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন। মমতার ভাষ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপ থোরা বেঙ্গল পুলিশকে বলদো, এ বাত বাহার মে না যায়।’

কারও নাম উল্লেখ না করে মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? সরকার পরিবর্তন হলেও আমি তো সবটাই জানি। আমার হৃদয় তো তথ্য ভাণ্ডার।’

তিনি আরও বলেন, ‘ভদ্রতা করে নামটা বলছি না। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি।’

তৃণমূল ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর মমতার এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।