রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬

রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে নরওয়ে ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি ও ধারাবাহিক সমর্থনের জন্য নরওয়েকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত জানান, নরওয়ে এখন উন্নয়ন সহযোগিতার বদলে বাণিজ্য ও বিনিয়োগে জোর দিচ্ছে। জবাবে মন্ত্রী নরওয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়া, আইটি, পাটজাত পণ্য ও হস্তশিল্প রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন। নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি ও জাহাজ নির্মাণে নরওয়ের বিনিয়োগ আহ্বান করেন তিনি।

জলবায়ু ইস্যুতে গ্রিন ক্লাইমেট ফান্ড ও নরফান্ডের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নরওয়ের বৃত্তি সম্প্রসারণের অনুরোধও জানান।

রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী নরওয়ের মানবিক সহায়তার প্রশংসা করেন। তবে এ বিশাল জনগোষ্ঠীর উপস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে দ্রুত প্রত্যাবাসনে জোরালো ভূমিকা চান।

রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পাশে থাকবে নরওয়ে।

বৈঠকে নরওয়ে দূতাবাসের পলিটিক্যাল অ্যাডভাইজার সারোয়ার জাহান চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।